শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার ভান্ডার পাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মেরিনা জাহানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা ও স্মৃতিচারণ করা হয়। এ সময় বিদায়ী প্রধান শিক্ষককে ঘিরে এক আবেগঘন ও অশ্রুসিক্ত পরিবেশের সৃষ্টি হয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উর্মি তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহিদ, প্রভাষ চন্দ্র সরকার, আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর মো. মহিদুল হাসান।
চাঁচাইতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ, বোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, পরিবারের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা।
বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক মোছাঃ মেরিনা জাহানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।
পরে বিদায়ী প্রধান শিক্ষককে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

জানা যায়, ২০১৫ সাল থেকে ভান্ডার পাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মোছাঃ মেরিনা জাহান। দীর্ঘ কর্মজীবনে তাঁর দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন এবং সুন্দর, সুশৃঙ্খল পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
তাঁর কর্মদক্ষতা ও অবদানের জন্য স্থানীয় এলাকাবাসী এবং উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে প্রশংসা করা হয়। একই সঙ্গে পরিবারের সদস্যরাও তাঁর দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার কথা তুলে ধরেন।





