বগুড়ায় চোলাইমদসহ গ্রেপ্তার ৩, কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার আদমদীঘিতে ৬ লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদমদীঘি উপজেলার বড় মালশন গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে এরশাদ হোসেন (৩৭), একই গ্রামের মৃত আবুল হোসেন প্রামাণিকের ছেলে এনামুল হক (৫০) এবং দুপচাঁচিয়া উপজেলার মহিষমণ্ডা গ্রামের সুকুর আলী সোনারের ছেলে বিদ্যুৎ সোনার (২৫)।

ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছয় লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনকে দুই মাস ১৫ দিন এবং অপর দুজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।