শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা: মাদক ব্যবসা, মাদকসেবন, সন্ত্রাস ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তিকে যুবদলের কমিটিতে স্থান দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বগুড়া জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
শুক্রবার (১৯ জুন) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা যুবদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যুবদল একটি আদর্শভিত্তিক সংগঠন। মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের যুবদলে কোনো স্থান নেই। দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।”
উপজেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি বেলাল হোসেন বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সভাপতি অ্যাডভোকেট এনামুল হক পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিনসহ জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর ও গাবতলী উপজেলা যুবদলের নেতৃবৃন্দ, শাজাহানপুর উপজেলা যুবদলের সাবেক নেতারা এবং উপজেলার ৯টি ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। মতবিনিময় সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।





