নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার দুই বছরের কন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বনানী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনিছুর রহমান ও তার দুই বছর বয়সী কন্যা পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আনিছুর রহমান রংপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে স্ত্রী আয়েশা বেগম ও মেয়ে পুষ্পকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন তিনি।

পথে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা মহাসড়কের ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তার মেয়ে পুষ্প মারা যান। গুরুতর আহত হন আয়েশা বেগম।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং আহত আয়েশা বেগমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





