শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে লিভানা হজ্জ গ্রুপের উদ্যোগে ওমরাহ যাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) শেরপুর উপজেলা মডেল মসজিদের সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ওমরাহ ও হজ্জ পালনের প্রস্তুতি, ইহরাম বাঁধার নিয়ম, মক্কা-মদিনার গুরুত্বপূর্ণ স্থানসমূহ, আরাফাতের ময়দান, মুজদালিফা ও মিনায় করণীয় কার্যক্রম, পাশাপাশি হজ্জের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে হজ্জ ও ওমরাহবিষয়ক দিকনির্দেশনামূলক বুকলেট ও লিফলেট বিতরণ করা হয়।

লিভানা হজ্জ গ্রুপের চেয়ারম্যান আবুল খায়েরের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর শহিদিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ও বর্ষীয়ান আলেম মাওলানা হাফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন বগুড়া ভাই পাগলা মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম। এছাড়াও বক্তব্য দেন উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই এবং উপাধ্যক্ষ মাওলানা খোন্দকার মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার সুপার, কলেজ শিক্ষক, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাফিজুর রহমান বলেন, হজ্জ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। তাই হজ্জ পালনের আগে প্রত্যেক মুসলিমের উচিত শরয়ী বিধান, আদব-কায়দা ও মাসায়েল সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করা। এ ধরনের প্রশিক্ষণ ও দিকনির্দেশনামূলক কর্মশালার গুরুত্ব তাই অত্যন্ত বেশি।

সভাপতির বক্তব্যে লিভানা হজ্জ গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, হজ্জ ও ওমরাহ যাত্রীদের সঠিকভাবে ইবাদত পালনে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই নিয়মিত এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়। তিনি জানান, হাজিদের সুবিধার্থে মক্কা ও মদিনার নিকটবর্তী স্থানে আবাসনের ব্যবস্থাও করে থাকে তাদের প্রতিষ্ঠান।
লিভানা হজ্জ গ্রুপের মুয়াল্লিম খোন্দকার সাইফুল ইসলাম বলেন, হাজিদের শরয়ী জ্ঞান, হজ্জের নিয়ম-কানুন ও আদব সম্পর্কে সচেতন করে তোলাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য, যাতে তারা সঠিকভাবে হজ্জ ও ওমরাহর সকল কার্যক্রম সম্পন্ন করতে পারেন।
কর্মশালা শেষে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রীদের মধ্যে ভিসা, বিমান টিকিট ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং ওমরাহ যাত্রীদের জন্য মাগফিরাত ও ওমরাহ কবুলের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।





