ফুলবাড়ী-২৯ বিজিবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কেক কেটে ফুলবাড়ী-২৯ বিজিবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় ফুলবাড়ী-২৯ বিজিবি সদর দপ্তরে ব্যাটালিয়নের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর-পশ্চিম বিজিবির ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, বিজিএম, পিবিজিএম, পিএসপি। তিনি আগত অতিথি ও বিজিবি সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।

বক্তব্যে তিনি বলেন, ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি অপারেশনাল ও প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে বিজিবি সাধারণ মানুষের মধ্যে প্রশংসা অর্জন করেছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের বিভিন্ন সেবামূলক কার্যক্রমেও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে ফুলবাড়ী-২৯ বিজিবি সীমান্ত সুরক্ষায় আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: রফিকুল ইসলাম এবং দিনাজপুরের পুলিশ সুপার মো: জেদান আল মুসা, পিপিএম।

এ ছাড়া পরিচালক (লজিস্টিক), রংপুর রিজিয়ন, অতিরিক্ত পরিচালক (অপারেশন), দিনাজপুর সেক্টর অধিনায়ক, জয়পুরহাট, ফুলবাড়ী ও দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফুলবাড়ী-২৯ বিজিবির জুনিয়র কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদবির সৈনিক, বেসামরিক কর্মচারী, বিরামপুর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।

এ সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো: আফজাল হোসেন এবং ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আবু সহিদসহ স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফুলবাড়ী-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো: আরিফ-উজ-জামান, পিএসসি উপস্থিত থেকে আয়োজনকে সুশৃঙ্খল ও প্রাণবন্ত করে তোলেন।

পরে অতিথি ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে কেক কেটে ফুলবাড়ী-২৯ বিজিবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।