বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাখারিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গোপালবাড়িসহ দেশের ১৪ টি উপজেলার ১৪ টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়। বগুড়ায় পাইলট প্রোগ্রামের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির প্রথম দিনেই ৪৯৬ জন সুবিধাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসন ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
শাখারিয়া ইউনিয়নের ওই ওয়ার্ডের ৮৬৮ জন খানাপ্রধান নারীর তথ্য সংগ্রহের পর যারা সরকারের অন্যান্য সকল ভাতা থেকে বঞ্চিত তাদের ৪৭টি তথ্য পিএমটি (প্রক্সি মিন্স টেস্ট) পদ্ধতির মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। যাচাইয়ে এক হাজার পয়েন্টের মধ্যে ০ থেকে ৮১৪ পয়েন্টের মধ্যে যাদের অবস্থান তাদের প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে।

জাতীয় নির্বাচনের আগে দেওয়া ইশতেহারে দরিদ্র ও ভাতা-বঞ্চিত পরিবারকে সহায়তা দেওয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির ঘোষণা দেন। নির্বাচনে জয়লাভের পর অল্প সময়ের মধ্যেই সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার পর্যায়ক্রমে এই কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডধারীরা প্রত্যেকে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পেয়েছেন এবং প্রতিমাসেই এই সহায়তা পাবেন তারা। সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান উপকারভোগী নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এসময় তিনি বলেন, সরকারের এই উদ্যোগ প্রান্তিক পর্যায়ের নারীদের জন্য। ইতিমধ্যে সকালেই সবার মোবাইলে টাকা পৌঁছে গেছে। সবকিছু মিলিয়ে এই ফ্যামিলি কার্ড বিতরণ শুভ উদ্বোধন ঘোষণা করছি।
উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন নবী সালামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।





