নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবীতে বগুড়ায় বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় পাশাপাশি ওই দলের ও তার অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীদের শাস্তির দাবী করে স্লোগান দেয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হাজারে নেতা ও কর্মীরা।
সন্ধ্যায় ৭টায় বগুড়া শহরের নবাববাড়ী সড়কে গণ জামায়েত হয়ে তারা এ বিক্ষোভ করেন। এ সময় ছাত্র শিবিরের নেতারা দাবী করেন, ইতোপূর্বে আওয়ামী লীগ সরকার যেসব অন্যায় অপকর্ম করেছে সেসব নেতাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিয়ে তাদের শাস্তি দিতে হবে। এছাড়াও এখনও যারা ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজ করছে তাদের মুখোশ খুলে দিতে হবে। জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে বহু মানুষের প্রাণ গেছে তাদের রক্তের কথা ভেবে এদেশে আর আওয়ামী লীগ সরকারের অংশ অস্তিত্ব রাখা হবে না।
বগুড়া শহর শাখার সভাপতি রেজওয়ানুল ইসলাম বলেন, আওয়ামী লীগকে আর রাজনীতিতে সক্রিয় হতে দেয়া হবে না। তারা দেশের অনেক ক্ষতি করেছে। তাদের উপযুক্ত বিচার করতে হবে। এছাড়াও বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির দাবী আদায়ে বারবার আন্দোলনে যাবে।
এছাড়াও সংগঠনটির বগুড়া জেলা পূর্বের সভাপতি জোবায়ের হোসেন, জেলা পশ্চিমের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, বগুড়া শহর শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ, পশ্চিম জেলা সেক্রেটারি হাফেজ আল-ইমরান ও পূর্ব জেলা সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লবসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা এ বিক্ষোভ র্যালিতে অংশ নেন।
বিক্ষোভ র্যালিটি বগুড়া শহরের নবাব বাড়ী সড়ক থেকে আদালত চত্ত্বর হয়ে জলেশ^রীতলা দিয়ে সাতমাথায় শেষ করে। পরে সেখানে কিছুক্ষণ বিক্ষোভে অংশ নিয়ে তাদের সমাবেশ শেষ করে।
একই সময় বগুড়ায় আদালত চত্ত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হলেও পরে তারা বিক্ষোভ করেনি।





