বিনোদনে ডেস্ক: অস্কারজয়ী ব্রিটিশ নাট্যকার টম স্টপার্ড আর নেই। শনিবার ৮৮ বছর বয়সী এই নাট্যকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার এজেন্সি। টম স্টপার্ড ১৯৯৮ সালের চলচ্চিত্র ‘শেক্সপিয়ার ইন লাভ’-এর চিত্রনাট্যের জন্য অস্কার জিতেছিলেন। তিনি প্রথম জনপ্রিয়তা পান ‘রোজেনক্রান্টজ অ্যান্ড গিল্ডেনস্টার্ন অ্যার ডেড’ নাটকের মাধ্যমে, যা শেক্সপিয়ারের ‘হ্যামলেট’-এর ছায়ায় লেখা।

এদিকে স্টপার্ডের এজেন্সি তার মৃত্যুর খবর নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের প্রিয় বন্ধু টম স্টপার্ড ডরসেটের বাড়িতে মারা গেছেন। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি নিজের কাজের জন্য, বুদ্ধিমত্তা, উদারতা এবং ইংরেজি ভাষার প্রতি গভীর ভালোবাসার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

টম স্টপার্ডের জন্ম ১৯৩৭ সালে চেকোস্লোভাকিয়ায়। পরে যুক্তরাজ্যে থিতু হন। সাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে নাট্যকার হিসেবে ক্যারিয়ার গড়েন। ছয় দশকের বেশি সময় ধরে তিনি থিয়েটার, টেলিভিশন, রেডিও ও চলচ্চিত্রের জন্য লিখেছেন এবং বহু পুরস্কার জিতেছেন। ১৯৯৭ সালে সাহিত্য সেবায় তাকে নাইটডম প্রদান করা হয়। স্টপার্ড তিনবার বিয়ে করেছিলেন। তার চার সন্তানের একজন এড স্টপার্ডও অভিনেতা। সূত্র: মানবজমিন।





