আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার প্রত্যন্ত সীমান্তবর্তী চাঁপাপুরে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। এ সময় অপরাধ দমনে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় চাঁপাপুর ইউনিয়ন পরিষদ ভবনে ফিতা কেটে পুলিশ ক্যাম্পটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে ইউপি ভবন চত্বরে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)-এর সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, সমাজ ও রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পুলিশ রাষ্ট্রের অপরিহার্য একটি অঙ্গ। জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা পুলিশের দায়িত্ব। তবে জনতা ও পুলিশের সম্মিলিত প্রয়াস ছাড়া সমাজ থেকে পুরোপুরি অপরাধ দমন করা সম্ভব নয়।
তিনি বলেন, চাঁপাপুর একটি প্রত্যন্ত ও সীমান্তবর্তী এলাকা। এর পাশেই নন্দীগ্রাম, কাহালু ও রানীনগর থানার সীমানা থাকায় অপরাধীরা এক এলাকায় অপরাধ করে সহজেই অন্য এলাকায় পালিয়ে যাওয়ার সুযোগ পায়। এ কারণে অপরাধীদের দমনে চাঁপাপুরে পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সমাবেশে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদে তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া এবং উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু মোতালেব, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নতুন পুলিশ ক্যাম্পটি চাঁপাপুরসহ আশপাশের সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।





