নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া মহানগরের ইয়াকুবিয়ার মোড়ে অবস্থিত কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও প্রস্তুতের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অভিযান করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় বগুড়া র্যাব ১২ সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।

অভিযানে দেখা গেছে, রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য, খাদ্য তৈরির উপকরণ এবং বিভিন্ন সরঞ্জাম সংরক্ষণ করা হচ্ছে। একই ফ্রিজে কাঁচা মাছ ও মাংসের সঙ্গে টক দই এবং মসলাজাতীয় খাদ্যসামগ্রী রাখা হয়েছে, যা নিরাপদ খাদ্য সংরক্ষণের নীতিমালার পরিপন্থী।
এছাড়া, পরিদর্শনের সময় নষ্ট ও ফাঙ্গাসযুক্ত বাসমতি চাল ব্যবহার করে কাচ্চি প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। রেস্টুরেন্টের রান্নাঘর ও স্টোররুমে ইঁদুর এবং টিকটিকির অবাধ বিচরণ দেখা যায়। সেখানে খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের বিভিন্ন সরঞ্জামে ইঁদুরের মলমূত্রও পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসব অনিয়ম ও অপরাধের বিষয়টি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। সার্বিক সহযোগিতা করেন র্যাব- ১২ এবং জেলা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।





