নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের উত্তর অঞ্চলের খরব পরিবার প্রতি বছরের মতো এবারও ব্যতিক্রমী ইফতার আয়োজন করেছে। পরিবারের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শনিবার (১৪ মার্চ) বগুড়া জিলা স্কুল মাঠে এ আয়োজন করা হয়।

খরব পরিবারের সদস্যরা জানান, রমজানের মূল শিক্ষা হলো সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিবছরই তারা সম্মিলিত ইফতারের আয়োজন করেন, যাতে সমাজের সব শ্রেণির মানুষ একসঙ্গে বসে ইফতার করতে পারেন।
ইফতার মাহফিলে খেজুর, ছোলা, পেঁয়াজু, বেগুনি, ফলমূলসহ বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা হয়। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আয়োজনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, এমন আয়োজন এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করে। তারা খরব পরিবারের এই উদ্যোগকে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এ আয়োজনে উপস্থিত ছিলেন, পত্রিকার সহযোগী সম্পাদক- এ কে এম রাহাদুল ইসলাম, প্রকাশক-মোঃ মনিরুল ইসলাম মারুফ, প্রতিবেদক- মোঃ রিজভী হক, প্রতিবেদক- নূর মোঃ কামরুল হাসান, ফটোগ্রাফার- বাপ্পিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান।





