শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ইমরান হোসেন (২৯) কাশিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও ইমরানের পরিবার সূত্রে জানা গেছে, ইমরান ঘরের ভেতর বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।





