শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে এক ব্যবসায়ীর স্ত্রীকে মারপিট ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শাহ আলম শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী শাহ আলম ও একই উপজেলার শোলাগাড়ী গ্রামের আরমান শেয়ারে ব্যবসা করতো। প্রতিপক্ষ আরমান কিছুদিন পূর্বে ২০ হাজার টাকা ব্যবসার শেয়ার হিসেবে শাহ আলমকে দেয়। ভুক্তভোগীর সাথে কথা না বলে গত ২৩ সেপ্টেম্বর সকালে আরমান ও তার সহযোগী শাহ আলমের বাড়িতে যায়। তারা শাহ আলমকে না পেয়ে তার বাড়ি থেকে একটি এলইডি টিভি স্বর্ণের চেইন ও ফাঁকা চেকের পাতা এবং কিছু টাকা জোরপূর্বক নিয়ে যায়। এ সময় শাহ আলমের স্ত্রী সুলতানা বেগম বাঁধা দিলে প্রতিপক্ষরা তাকে মারপিট ও শ্লীলতাহানি চেষ্টা করে।
এবিষয়ে ভুক্তভোগী ভাঙ্গারী ব্যবসায়ী শাহ আলম জানান, প্রতিপক্ষের সাথে আমার ব্যবসায়ীক সম্পর্ক রয়েছে। আমি বাড়িতে না থাকায় তারা আমার স্ত্রীকে মারপিট ও শ্লীলহানির চেষ্টা করে।
এ ব্যাপারে প্রতিপক্ষ আরমান জানান, আমি শাহ আলমের নিকট থেকে ব্যবসায়ীক টাকা পাবো। সে টাকা না দেওয়ার জন্য বিভিন্নভাবে তালবাহানা করছে।
অভিযোগ তদন্তকারী অফিসার শিবগঞ্জ থানার এএসআই এরশাদুল বারী জানান, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





