বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পূর্বশত্রুতার জেরে ব্যক্তি মালিকানাধীন পুকুর থেকে দেড় লক্ষাধিক টাকার মাছ লুটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী মো: নজরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের উত্তর পেঁচুল গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্ত মো: সজিব আহম্মেদ রাজু ও অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৩৮ জন দলবদ্ধ হয়ে তাঁর পুকুরে প্রবেশ করেন। পুকুর থেকে প্রায় ১৮ মণ রুই, কাতল ও গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ তুলে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।
ভুক্তভোগী মো: নজরুল ইসলাম অভিযোগে জানান, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা পুকুরে মাছ ধরার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁর স্ত্রী লিপি আক্তারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং ছেলে রবিউল ইসলাম মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলা হয়। পরে তাদের এলোপাতাড়ি মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

পুকুর থেকে মাছ লুট, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের বিষয়ে অভিযুক্ত সজিব আহম্মেদ রাজু সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। পুকুরটি আমি বন্ধক নিয়েছি, আমার পুকুরে আমি মাছ মেরেছি।
এ বিষয়ে শেরপুর থানার (ওসি তদন্ত) জয়নুল আবেদীন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সত্যতা যাচাই পূর্বক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





