নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা মামলায় পলাতক আসামী মোঃ আমিনুর ইসলামকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকার গুলশান থানা এলাকায় অভিযান করে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের তথ্য মতে, বগুড়া সদর উপজেলার নিশিন্দারা এলাকার মোঃ আব্দুল লতিফ মন্ডলের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৫০) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সম্পৃক্ত থাকায় তার বিরুদ্ধে হত্যাসহ ৯টি মামলা রয়েছে। এছাড়াও তার নামে পূর্বের আরও ১২টি মামলা আছে।
আমিনুল ইসলাম বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বগুড়া জেলা আওয়ামী লীগের যুবলীগ নেতা। এছাড়াও তিনি বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও শাহ ফতেহ আলী পরিবহনের সত্ত্বাধিকারী।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানিয়েছেন, “হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, বিষ্ফোরক ও দুর্নীতি দমন কমিশনের করা তার বিরুদ্ধে ২১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।”
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আমিনুল ইসলাম পলাতক ছিলেন।





