নিজস্ব প্রতিবেদক: চলতি মৌসুমে বগুড়া জেলায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। উৎপাদন ভালো হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। পাশাপাশি বাজারেও ভুট্টার দাম সন্তোষজনক থাকায় স্বস্তি প্রকাশ করেছেন কৃষক ও ব্যবসায়ীরা।

ভুট্টা ব্যবসায়ী বাবুল মিয়া জানান, এ বছর ভুট্টার ফলন অনেক ভালো হয়েছে। চাহিদাও থাকায় কৃষকরা ভালো দাম পাচ্ছেন। বর্তমানে চাতালে শুকানো প্রতিমণ ভুট্টা ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, ভুট্টা সংগ্রহের পর চাতালে শুকানোর কাজ পুরোদমে চলছে। বিভিন্ন এলাকা থেকে কৃষকরা ভুট্টা নিয়ে আসছেন। শ্রমিকরাও দিনভর ব্যস্ত সময় পার করছেন।

এদিকে বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন চাতালে এখন ভুট্টা শুকানোর দৃশ্য চোখে পড়ছে। রোদে সারিবদ্ধভাবে ভুট্টা শুকাতে দেখা গেছে শ্রমিকদের। এতে পুরো এলাকায় যেন মৌসুমি কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।





