নিজস্ব প্রতিবেদক: সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে বগুড়ার শাজাহানপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার খরনা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করে বগুড়া জেলা তথ্য অফিস। খরনা ইউনিয়ন পরিষদ এতে সহযোগিতা করে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাইফুর রহমান। জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মুহাঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খরনা ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. অলিফা খাতুন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রায় পাঁচ শতাধিক নারী, সুধীজন ও গণমাধ্যমকর্মী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. তাইফুর রহমান বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ, সামাজিক নিরাপত্তার আওতায় বিভিন্ন ভাতা প্রদান ও বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকার কাজ করছে। এসব সুবিধা যথাযথভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সরকার সচেষ্ট রয়েছে।
তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির সুফল যাতে প্রকৃত উপকারভোগীরা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।





