নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারে আসার পর নন্দীগ্রাম উপজেলার অবহেলিত জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে বলে দাবি করেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল।
মঙ্গলবার (১৪ জুলাই) নন্দীগ্রামে তাঁর নিজ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুর রউফ রুবেল বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার একটি বড় জনগোষ্ঠী উন্নত যোগাযোগ ব্যবস্থার বাইরে থেকে মানবেতর জীবনযাপন করছিল। সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সেই অবহেলিত জনগোষ্ঠীকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে চাঙ্গুইর–পাশুন, গুলিয়া–নাগড়কান্দি এবং চাকলমা–কুন্দার সড়কসহ একাধিক নতুন সড়কের নির্মাণকাজ চলমান রয়েছে।
তিনি এসব উন্নয়ন কার্যক্রমের কৃতিত্ব বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেনের নেতৃত্বের প্রতি আরোপ করে বলেন, উপজেলাবাসী একজন যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করেছেন এবং তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়নের সুফল ইতোমধ্যে মানুষ পেতে শুরু করেছে।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিএনপি সরকার কাজ করছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, জননিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং নিরাপদ খাদ্যব্যবস্থা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে।

আব্দুর রউফ রুবেলের দাবি, গত ছয় মাসে নন্দীগ্রামে উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর মধ্যে নতুন পাকা সড়ক নির্মাণ, বিভিন্ন সড়কের সংস্কার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালুর প্রক্রিয়া সম্পন্ন, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, মসজিদ-মন্দিরের উন্নয়নে কয়েক কোটি টাকার কাজ বাস্তবায়ন এবং জননিরাপত্তা জোরদার করার উদ্যোগ উল্লেখযোগ্য।
তিনি বলেন, আগামী চার বছরে উপজেলার জনগণের সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে বিএনপি সরকার কাজ করে যাবে এবং এ উন্নয়ন কার্যক্রমের নেতৃত্বে থাকবেন সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন।





