নিজস্ব প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন, চায়না খাতুন (৩০) ও তার কিশোরী মেয়ে খাদিজা (১৪)।

জানাগেছে, চায়না খাতুন শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ও নৈশপ্রহরী কামরুজ্জামানের স্ত্রী। নিহত কিশোরী খাদিজা স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
সোনাতলা থানার অফিসার ইনচাজ (ওসি) কবির হোসেন জানিয়েছেন, জুম্মার নামাজের পর পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে দেখেন ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করা। অনেক ডাকাডাকি করে কাউকে না পেয়ে পরে দরজা ভেঙে ঘরে মা ও মেয়ের ওড়না পেঁচানো ঝুলতে অবস্থায় দেখা যায়। পরে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, এই পরিবারের ওই মা ও মেয়ের সাথে কারোর কোন দ্বন্দ্ব ছিল এমন কিছু দেখা যায়নি। তারা স্বাভাবিক জীবনযাপন করতেন। তবে এ ঘটনায় সুষ্ঠু তদন্ত চান।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সঠিক সত্য জানা যাবে।





