নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে মোট ৮১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বাসস্ট্যান্ড ও পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

অভিযানকালে বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ওটি ও ডেলিভারি রুমে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকা, হালনাগাদ লাইসেন্স না থাকা, দায়িত্বপ্রাপ্ত ডিউটি ডাক্তার না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অনিয়ম ধরা পড়ে।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চারটি ক্লিনিককে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফাতেমা ক্লিনিককে ১০ হাজার, ইসলামিয়া হাসপাতালকে ৫ হাজার, হেলথ কেয়ার ক্লিনিককে ১০ হাজার এবং সেবা হসপিটালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া লাইসেন্স ছাড়াই চিকিৎসাসেবা প্রদান, রোগীদের স্যালাইন ও ইনজেকশন পুশ, স্টোমাক ওয়াশ, ড্রেসিংসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে আরও দুই ব্যক্তিকে মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে মো. আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা এবং আব্দুর রশিদকে ৬ হাজার টাকা** জরিমানা করা হয়।

সব মিলিয়ে অভিযানে মোট ৮১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল মাহমুদ। এ সময় নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পরিবেশ, চিকিৎসা সরঞ্জাম, বৈধ ও হালনাগাদ লাইসেন্স এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





