শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে আপন সোশ্যাল ফাউন্ডেশনের (এএসএফ) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) আশেকপুর চকজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ।
আপন সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সাবেক গবেষক কৃষিবিদ ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।





