বগুড়া প্রতিনিধি: ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রাসেনানী ও ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর ) বিকেলে বগুড়া জুলাই মঞ্চের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। ‘ভয়েস অব জুলাই, বগুড়া’ এর উদ্যোগে আয়োজিত সমাবেশে সংগঠনের আহ্বায়ক আজিম উদ্দিনের নেতৃত্বে সভাপতিত্ব করেন মুয়াজ বিন মোস্তাফিজ এবং সঞ্চালনা করেন ডা. আব্দুল্লাহ আল-সানি।
সমাবেশে বক্তব্য রাখেন সাকিব হাসান, নাজমুল হাসান নেহাল, সেজদা প্রামানিক, মনির সরকারসহ আরও অনেকে।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শহীদ শরিফ ওসমান হাদী ছিলেন অন্যায়-অবিচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের এক সাহসী কণ্ঠস্বর। তাঁর নির্মম হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিকে নয়, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্নকেই আঘাত করেছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খুনিদের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।





