নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, ভালতা গুচ্ছগ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে জাকিরুল (৬), ফারুক মণ্ডলের ছেলে ফাইম (৮) এবং মেয়ে সুরাইয়া (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে তিন শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
দুপুর প্রায় ১টার দিকে প্রতিবেশী সালমা খাতুন স্থানীয় একটি পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই সময়ে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে তাদের নানী আবেদা বেগম স্থানীয়দের সহযোগিতা চান। পরে মিন্টু প্রামাণিক নামে এক ব্যক্তি পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করেন। তবে সুরাইয়ার সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে একই পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি পানিতে ডুবে মৃত্যুর বলেই ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
একই ঘটনায় তিন শিশুর মৃত্যুতে ভালতা গুচ্ছগ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।





