নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শাজাহানপুরে অভিযান চালিয়ে ২৩টি অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চোপীনগর ইউনিয়নের কচুয়াদহ রঙ্গিলাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেনসহ মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে বিভিন্ন ধরনের ২৩টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয়দের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





