নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে সার মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের ওমরপুর ও ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজারে কয়েকটি সার বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

অভিযানে লাইসেন্স ছাড়া সার বিক্রি, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মেসার্স অংকন ট্রেডার্সের নিরল কুমারকে ১০ হাজার টাকা, ওমরপুরের মেসার্স স্বপন ট্রেডার্সের স্বপন কুমার মহন্তকে ১৫ হাজার টাকা, মেসার্স মোহসিনা ট্রেডার্সের ইব্রাহিম আলীকে ১৫ হাজার টাকা এবং মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের বেলাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে থানা পুলিশের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. গাজীউল হক।
এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রির কারসাজি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





