নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে দিনব্যাপী এক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুন (বৃহস্পতিবার) ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
”সল্প সময়ে, স্বল্প ব্যয়ে সঠিক বিচার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পেইনে ভাটগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশ নেন।

ক্যাম্পেইনে বক্তারা বলেন, সাধারণ মানুষের ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত একটি অত্যন্ত কার্যকর মাধ্যম। আদালতে না গিয়ে সামান্য খরচে এবং অতি দ্রুত সময়ে নিজ ইউনিয়ন পরিষদেই আইনি প্রতিকার পাওয়া সম্ভব। বিশেষ করে গ্রামীণ নারীদের আইনি অধিকার সুরক্ষায় এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম আদালত অনন্য ভূমিকা পালন করছে।
দিনব্যাপী এই ক্যাম্পেইনে লিফলেট বিতরণ, উঠান বৈঠক এবং তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে গ্রাম আদালতের এখতিয়ার, মামলা দায়েরের প্রক্রিয়া এবং এর সুফল সম্পর্কে উপস্থিত জনসাধারণকে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম (আজাদ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য হাসেম আলী, আব্দুল হাকিম, কামরুজ্জামান কামরুল, জাহাঙ্গীর আলম বাবু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। উপস্থিত সাধারণ মানুষ এই উদ্যোগের প্রশংসা করেন এবং গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে আরও বেশি প্রচারণার দাবি জানান।





