নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমন্ডপ গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে শ্বশুর আফতাব আলী এবং তার পুত্রবধূ রিভা আক্তারকে। এই হৃদয়বিদারক ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছে নিহত রিভা ও সৌদি প্রবাসী শাহজাহানের ৭ বছর বয়সী মেয়ে মালিহা।
আজ বুধবার সকালে ঘুম থেকে উঠে মালিহা তার মা ও দাদাকে মৃত অবস্থায় দেখে। ছোট্ট শিশুর আর্তচিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা এবং তারা পুলিশে খবর দেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহত রিভা তার শ্বশুর আফতাব আলী এবং মেয়ে মালিহাকে নিয়ে বসবাস করছিলেন। মালিহার বাবা শাহজাহান দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত।
স্থানীয় ও আত্মীয়-স্বজনরা প্রাথমিকভাবে এটিকে ডাকাতির উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন। তাদের দাবি, নিহতদের কারো সাথে কোনো পূর্বশত্রুতা ছিল না। নিহত রিভার মা জানিয়েছেন, তাদের বাড়ি থেকে ৪ ভরি গহনা ও কিছু টাকা খোয়া গেছে। তারা এই নৃশংস ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছেন।
এই লোমহর্ষক ঘটনা ও মৃত্যুর রহস্য উদঘাটনে সিআইডি, র্যাব, ডিবিসহ পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
স্বজন ও স্থানীয়রা দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





