নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ইস্কাফ’সহ দুই নারীকে আটক করেছে র্যাব-১২।
র্যাব জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দুই নারী বগুড়া থেকে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসে মাদক পাচারের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এ তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠের প্রধান ফটকের সামনে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দুই নারীকে আটক করা হয়।

আটকরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মৃত দিলবার হকের মেয়ে ও মো. জাইদুল ইসলামের স্ত্রী মোছা. রুবিনা বেগম (৫১) এবং একই এলাকার মোহাম্মদ আলী ব্যাপারীর মেয়ে ও মো. হারুন রশীদের স্ত্রী মোছা. শিল্পী (৩৫)।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ইস্কাফ’ উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
বগুড়া র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, আটক দুই নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক ও জব্দকৃত আলামতও থানায় জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, মাদক নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





