শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপনের পর সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন।
মঙ্গলবার (২ জুন) বিকালে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক সমাবেশ এবং গোহাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি মোরশেদ মিলটন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শাজাহানপুর ও গাবতলী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে। এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আব্দুল আলীম শিমুলের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন,আবু সাহিন সানি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, গোহাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, গোহাইল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য বিএনপি নেতা মিজানুর রহমান মতিন কাজী, বিএনপির নেতা আতাহার আলী কাইয়ুম,যুবদলের বেলাল হোসেন বাবু, রেজাউল, মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার, সুমি, শ্রমিকদলের বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গোহাইল ইউনিয়নের দেড় শতাধিক শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংসদ সদস্য মোরশেদ মিলটনকে সংবর্ধনা জানানো হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, অভিভাবক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।





