অনলাইন ডেক্সঃ সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
শনিবার (১৮ জুলাই) সংঘটিত এ হামলার তথ্য মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার মাস পর সৌদি আরবের ভূখণ্ডে এটি ইরানের প্রথম সরাসরি হামলা। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
হামলার পরপরই সৌদি আরবের আল-খারজ ও ইয়ানবু শহরে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্কবার্তা জারি করে দেশটির সিভিল ডিফেন্স। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে কর্তৃপক্ষ জানায়, সম্ভাব্য বিপদ কেটে গেছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

তবে হামলায় ঠিক কোন মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল, কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না- এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। গত কয়েক সপ্তাহ ধরে উভয় পক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ সেই উত্তেজনাকে আরও উসকে দিয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে সর্বশেষ সরাসরি হামলা চালিয়েছিল তেহরান। তবে সর্বশেষ এই হামলার বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরব কিংবা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সূত্র: চ্যানেল২৪।





