নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে দুই দই-মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের শিমলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় কয়েকটি দই-মিষ্টির দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিধান অমান্যের বিষয়টি ধরা পড়ে। বিশেষ করে দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না টানানো এবং দই-মিষ্টির প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য (এমআরপি) উল্লেখ না থাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠান দুটি হলো, ‘সাকিব হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার’ এবং ‘ভাই-বোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’। প্রতিষ্ঠান দুটির প্রত্যেকটিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দণ্ডপ্রাপ্ত সাকিব হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী শিমলা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে শাহানুর আলম (৪৮) এবং ভাই-বোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী একই গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে জনাব আলী (৩২)।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (বিজরুল) স্যানিটারি ইন্সপেক্টর খোন্দকার মোঃ জামিল উদ্দিন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





