নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড এলাকা থেকে বাধন হোসেন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত বাধন হোসেন সান্তাহার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ইয়ার্ড কলোনি এলাকার মাসুদ পারভেজের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে স্থানীয় লোকজন সান্তাহার জংশন স্টেশনের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড এলাকায় একটি গাছের সঙ্গে বাধনের মরদেহ ঝুলতে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সান্তাহার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলাউদ্দীন জানান, বাধন একটি মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। কিছুদিন আগে তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়িতে আসেন এবং বিয়ে করেন। তিনি সান্তাহার শহরের বিভিন্ন খাবার হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরিদ উদ্দীন বলেন, বাধনের মৃত্যুটি সন্দেহজনক বলে মনে হচ্ছে। তার গলায় রশি থাকলেও দুটি পা মাটিতে ঠেকে ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





