বগুড়া বনানীতে বাসচাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী বাইপাস মোড়ে বাসচাপায় রিপন কর (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের ভাষ্য, দুর্ঘটনার সময় রিপন কর মোবাইল ফোনে ছেলের সঙ্গে কথা বলছিলেন।

নিহত রিপন কর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাসিন্দা। তিনি বগুড়ার বনানী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বনানী এলাকার লিচুতলা বাইপাস মোড় দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন রিপন কর। এ সময় মোবাইল ফোনে ছেলের সঙ্গে কথা বলছিলেন তিনি। তখন দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই অনিক করের স্ত্রী বৃষ্টি কর্মকার বলেন, ‘রিপন রাতে ছেলের সঙ্গে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

রিপনের কর্মজীবন সম্পর্কে বৃষ্টি কর্মকার জানান, তিনি আগে দিনাজপুরে সিঙ্গার শোরুমের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। কয়েক মাস আগে ওই চাকরি ছেড়ে বগুড়ায় চলে আসেন। পরে বগুড়া শহরের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানান তিনি।

রিপনের স্ত্রী তনুশ্রী কর দিনাজপুর শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কম্পিউটার হিসাবরক্ষক হিসেবে চাকরি করেন। তাঁদের একমাত্র ছেলে দিনাজপুরের একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করে।

পরিবার সূত্রে আরও জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে হাসপাতাল থেকে রিপনের মরদেহ বাড়িতে নেওয়া হয়। পরে শুক্রবার বেলা ১১টার পর তাঁর মরদেহ দাহ করার জন্য শ্মশানে নেওয়া হয়।

শাজাহানপুর থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বনানী বাইপাস মোড় এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির বাস রিপন করকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিক ইকবাল বলেন, ‘দুর্ঘটনার কিছুটা পরে বিষয়টি পুলিশ জানতে পারে। স্থানীয়রা আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে।’

দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় দুর্ঘটনার কারণ ও বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে।