বগুড়া প্রতিনিধি: বাংলা নববর্ষ উদযাপনে বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখ। বগুড়া জেলা প্রশাসন চত্ত্বর থেকে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা এবং লোকজ ঐতিহ্যের নানা উৎসাহ ও উদ্দীপনা ছিল উৎসবমুখর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ রঙিন পোশাকে, মুখোশ, ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। এ সময় শোভাযাত্রায় গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতে পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এবং লোকজ প্রতীক ব্যবহারের পাশাপাশি নানা ধরনের পশু ও পাখির দৃশ্যগুলো যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় স্থানীয় নেতা কর্মীরা উপিস্থিত ছিলেন।

বৈশাখ উপলক্ষে বগুড়ায় আয়োজন করা হয়েছে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা। শহরের পৌর পার্কে করা হয়েছে এ মেলার আয়োজন। মেলায় স্থানীয় কারুশিল্পীদের তৈরি মাটির পণ্য, বাঁশ ও বেতের সামগ্রী, পাটজাত দ্রব্য এবং নানান হস্তশিল্প প্রদর্শনের পাশাপাশি রয়েছে নানা ধরনের খাবার ও শিশুদের খেলনা। এছাড়াও ছোট-বড় সবার জন্য নাগরদোলা, খেলনা ও বিনোদনের বিভিন্ন ব্যবস্থা রয়েছে।
মেলায় সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল গান, লোকসংগীত, কবিতা আবৃত্তি এবং নাট্য পরিবেশনা হয়েছে। এসব আয়োজনে অংশ নিয়েছে স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।

এবারের মেলায় গ্রামীণ খেলাধুলার মধ্যে লাঠিখেলা, সাপ খেলা ও অন্যান্য ঐতিহ্যবাহী ক্রীড়া আয়োজন দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
সব মিলিয়ে বগুড়ায় বৈশাখ উদযাপন শুধু উৎসবেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক মিলনমেলা। শহরের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এবারের বৈশাখ উদযাপন হচ্ছে প্রাণবন্ত ও আনন্দঘন।





