নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাফিস শেখ (১৮) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি গোসাইবাড়ি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নাফিস বাড়ির গোসলখানায় যান। সেখানে তিনি দেখতে পান, বৈদ্যুতিক মোটরের সুইচটি নষ্ট হয়ে গেছে। এরপর নিজে সেটি মেরামত করার চেষ্টা করেন। সুইচটি পুনরায় চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এই সময় তার মা চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাফিস শেখ বড়বিলা গ্রামের মামুন শেখের ছেলে। তার অকাল মৃত্যুতে গোসাইবাড়ি গ্রামে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে। তার পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি স্থানীয়দের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে।
গোসাইবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য সোলায়মান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, বিদ্যুৎস্পৃষ্টের মতো দুর্ঘটনা থেকে জনসাধারণকে সচেতন করতে এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে।





