নিজস্ব প্রতিবেদকঃ ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও মৃত্যুর রেশ না কাটতেই বগুড়ার কাহালু উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে ৬ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৪০ বছর বয়সী মোঃ নুর ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযুক্ত নুর ইসলাম ওই গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, বুধবার (১২ মার্চ) শিশু দুইটি বাড়ির সামনে খেলছিল। এ সময় মুখরোচক খাবার দেয়ার প্রলোভনে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পায়। তখন অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এঘটনায় অপরাধীকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয় থানায় খবর দেওয়া হলে শুক্রবার কাহালু থানার ওসি ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন এবং ভুক্তভোগীর শারীরিক অবস্থা পরিদর্শন করেন। এঘটনায় শিশু দুইটির পরিবার থেকে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।
ওসি আব্দুল হান্নান আরও জানান, শিশু দুইটির স্বাস্থ্য পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত নুর ইসলামকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।





