বগুড়ায় ‘দ্যা গ্র্যান্ড হ্যাভেলি’ রেস্টুরেন্টে যৌথ অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়া মহানগরীর জলেশ্বরীতলা এলাকায় অবস্থিত ‘দ্যা গ্র্যান্ড হ্যাভেলি রেস্টুরেন্টে’ যৌথ অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া।

রেস্টুরেন্টটির রান্নাঘরে তেলাপোকার উপস্থিতি, খাবার পরিবেশনের প্লেট-চামচের সঙ্গে জুতা ও ঝাড়ু সংরক্ষণ এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।

রোববার (১১ অক্টোবর ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত বগুড়া মহানগরীর জলেশ্বরীতলা এলাকায় রেস্টুরেন্টটিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে রেস্টুরেন্টটির রান্নাঘরে প্রচুর তেলাপোকার উপস্থিতি দেখতে পান অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। এ ছাড়া খাবার পরিবেশনের প্লেট ও চামচের সঙ্গে জুতা এবং ঝাড়ু সংরক্ষণ করতে দেখা যায়। ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা এবং প্রস্তুত করা খাবার অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণেরও প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি, খাদ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষামূলক পোশাক পরিধান করতে দেখা যায়নি।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদি হাসানের নেতৃত্বাধীন দল।