বগুড়া (নন্দীগ্রাম) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে খেলার সময় ৯ বছরের শিশু আমেনা খাতুনকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে এক পাগল।
শুক্রবার (২৮ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু আমেনা খাতুন পাঠান গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ জানিয়েছে, বিকাল ৩টার দিকে নিজ বাড়ির বাইরে খেলা করছিল আমেনা। এসময় একই গ্রামের আব্দুর রশিদের ছেলে হোসাইন (৩৫) ধারালো দা দিয়ে হঠাৎ শিশুটির ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই আমেনার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পুলিশ হোসাইনকে আটক করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত হোসাইন মানসিক ভারসাম্যহীন।
নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হোসাইন নামের যুবকটি প্রায় ৫ বছর থেকে মানসিক ভারসাম্যহীন। তিনি বিভিন্ন সময় বাজার ও রাস্তায় চলাচলকারি লোকজনকে নানা ধরনের কথা বলতো মাঝে মধ্যে গালাগালিও দিতো। তার বড় ভাইও একজন মানসিক ভারসাম্যহীন। তবে এঘটনায় তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ওই যুবককে আটক করে পুলিশকে জনানো হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।





