শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ হতদরিদ্র রাজমিস্ত্রী আরিফুল ইসলামের হেলিকপ্টার তৈরী করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তার আশা ৩ সপ্তাহের মধ্যে হেলিকপ্টার উড়বে আকাশে।
আরিফুল বগুড়ার শিবগঞ্জের কিচক ইউনিয়নের মাটিয়ান গ্রামের কৃষক মকবুল হোসেনের ছেলে। সরেজমিনে আরিফুলের বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট্ট একটি ঘরের মধ্যে তৈরী হচ্ছে হেলিকপ্টারটি। নিজের স্বপ্ন বাস্তবে রূপ দিতে ২০১৮ সাল থেকে ৭ বছর যাবত দৈনিক আয়ের কিছু অংশ থেকে হেলিকপ্টার তৈরীর সরঞ্জাম ক্রয় করেছে সে।
আরিফুল বলেন, আমার এই হেলিকপ্টার তৈরি করতে প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়েছে। বাঁকী কাজ শেষ করতে আরও ৫০ হাজার টাকার মতো লাগবে। টাকার ব্যবস্থা হলে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করে হেলিকপ্টারটি আকাশে উড়াতে সক্ষম হবো বলে মনে করছি।
মাটিয়ান গ্রামের জাকারিয়া জুয়েল বলেন, ছোট বেলা থেকে আরিফুল অনুসন্ধানী মন মানসিকতা নিয়ে বড় হয়েছে। সরকারী ভাবে কোন সহায়তা পেলে ভবিষ্যতে সে আরো ভাল কিছু করবে।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, হেলিকপ্টার তৈরী করায় আমরা তাকে সাদুবাদ জানাই। তাকে উৎসাহ যোগাতে প্রয়োজনে সরকারী ভাবে সহযোগীতা করা হবে।
হেলিকপ্টারটি দেখার জন্য প্রতিদিন তার বাড়ীতে শুভ জনতা ভিড় জমাচ্ছে।





