নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া শহরে একটি পথকুকুরকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত মো. স্বপন (৪৫)-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩০ জুন) রাতে শহরের বকসিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাণী নির্যাতনের মামলার পাশাপাশি তার বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া), বগুড়া সদর শাখার আহ্বায়ক মো. এমরান হোসেন (৩১) গত সোমবার (২৯ জুন) দুপুরে খবর পান যে, বগুড়া মহানগরের কানছগাড়ী এলাকায় ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে একটি পথকুকুর গুরুতর আহত অবস্থায় পড়ে আছে।
পরে স্থানীয় বাসিন্দা এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় তিনি সাদা-কালো রঙের গুরুতর আহত কুকুরটিকে একটি ড্রেন থেকে উদ্ধার করেন। দ্রুত সেটিকে জলেশ্বরীতলার মহিলা ক্লাব মোড়ে অবস্থিত ডা. আকাশ পেটস কনসাল্টেন্সিতে নেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান, ভেটেরিনারি সার্জন ডা. লুৎফর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম এবং ডা. আকাশের সমন্বয়ে গঠিত একটি চিকিৎসক দল আহত প্রাণীটির চিকিৎসা প্রদান করেন।

পরবর্তীতে বিভিন্ন সূত্রে অভিযোগ ওঠে, কানছগাড়ী এলাকার বাসিন্দা মো. স্বপন কুকুরটির ওপর নির্মম হামলা চালিয়েছেন। এ ঘটনায় মো. এমরান হোসেন বাদী হয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেফতারের সময় উপস্থিত সাক্ষীদের সামনে অভিযুক্তের দেহ তল্লাশি করে তার পকেট থেকে একটি অত্যাধুনিক বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়। পরে চাকুটি জব্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাণী নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনাতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





