নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরের সাতমাথা এলাকায় ড্রেন সংস্কারের জন্য মাটি খোঁড়ার সময় মাটির নিচ থেকে থ্রি-নট-থ্রি রাইফেলের ৩৩৪ পিস গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বগুড়া জিলা স্কুলসংলগ্ন এলাকায় ড্রেন সংস্কারের কাজ চলাকালে শ্রমিকদের নজরে আসে গুলিগুলো।

স্থানীয় সূত্রে জানা যায়, ড্রেন সংস্কারের জন্য শ্রমিকরা মাটি খননের সময় একসঙ্গে বেশ কিছু পুরোনো গুলি দেখতে পান। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গুলিগুলো প্রাথমিকভাবে থ্রি-নট-থ্রি রাইফেলের বলে ধারণা করা হচ্ছে। মোট ৩৩৪ পিস গুলি উদ্ধার করা হয়েছে। গুলিগুলো মরিচা ধরা এবং বেশ পুরোনো অবস্থায় রয়েছে।

তবে এসব গুলি কত বছরের পুরোনো, কীভাবে সেগুলো ড্রেনের মাটির নিচে এলো এবং অতীতে ওই স্থানে কোনো অস্ত্র বা গোলাবারুদ সংরক্ষণ করা হয়েছিল কি না- এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, উদ্ধার হওয়া গুলিগুলো মরিচা ধরা ও পুরোনো। এগুলো মহান মুক্তিযুদ্ধের সময়কার, নাকি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো থানা থেকে লুট হওয়া অস্ত্রের গুলি- তা পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।





