নওগাঁয় শহীদদের পরিবার পেল আর্থিক সহায়তা

অনলাইন ডেস্ক: নওগাঁয় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারে মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ রোববার (১৯ জানুয়ারি) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিষদের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ আর্থিক এই সহায়তা প্রদান করেন।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে শহীদ পরিবারদের মধ্যে সহায়তার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন ঘটনা, শহীদদের আত্মত্যাগ তুলে ধরে তাঁদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। অনুষ্ঠানে নওগাঁ জেলার ৯ জন শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

নওগাঁ জেলার ৯ জন শহীদ হলেন রাসেল রানা, ফাহমিদ জাফর, বিপ্লব মন্ডল, শাকিল আনোয়ার, আস সবুর, বায়েজিদ বোস্তামী, মাহফুজ আলম শ্রাবণ, রায়হান আলী ও রিদওয়ান শরীফ রিয়াদ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, নওগাঁ জেলার ৯ জন শহীদের প্রত্যেকের নাম গেজেটভুক্ত হয়েছে। তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা ও পরিবারগুলোর প্রতি যথাযথ সম্মান প্রদান করা হবে।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ, শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলু মাখমিন, ছাত্র সমন্বয়ক আরমান হোসেন বক্তব্য দেন।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সূত্র : এনটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *