নিজস্ব প্রতিবেদক: জননীতি, সুশাসন ও নেতৃত্ব বিকাশে তরুণদের সম্পৃক্ত করতে Institute for Informed Development (IID) ও Youth for Policy (YfP)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘পলিসি ক্যাম্প ২০২৬’-এ অংশগ্রহণের জন্য বগুড়া থেকে নির্বাচিত হয়েছেন উদীয়মান যুব সংগঠক সিনথিয়া বিনতে মজিব।

সারাদেশ থেকে আসা বিপুলসংখ্যক আবেদনকারীর মধ্য থেকে যাচাই-বাছাই ও কঠোর মূল্যায়নের মাধ্যমে তাকে নির্বাচিত করা হয়।
সিনথিয়া দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি, নাগরিক অধিকার রক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সামাজিক বৈষম্য দূরীকরণে তরুণদের সম্পৃক্ত করে কাজ করে আসছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে সিনথিয়া বিনতে মজিব বলেন, “নীতি-নির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণই একটি স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশের মূল ভিত্তি। পলিসি ক্যাম্প থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা মাঠপর্যায়ে সামাজিক পরিবর্তন ও তরুণদের ক্ষমতায়নে কাজে লাগাতে চাই।”
আয়োজক ও স্থানীয় সচেতন মহলের মতে, সিনথিয়ার এই অর্জন বগুড়ার তরুণদের জন্য অনুপ্রেরণার। একই সঙ্গে জাতীয় পর্যায়ে নীতি প্রণয়নে আঞ্চলিক তরুণদের মতামত তুলে ধরতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





