শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর এলাকা থেকে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম মো. হাবিবুর রহমান (৭০)।
পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে মোকামতলা বন্দর থেকে তিনি নিখোঁজ হন। এরপর স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় নিখোঁজের নাতি শিহাব উদ্দিন শিবগঞ্জ থানা-এ একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ১৫৪৫, তারিখ ৩০ এপ্রিল ২০২৬।
নিখোঁজ হাবিবুর রহমান উপজেলার মোকামতলা ইউনিয়নের বড় হরিরামপুর গ্রামের বাসিন্দা। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তিনি কালো পাঞ্জাবি, সাদা পায়জামা এবং পাঞ্জাবির ওপর একটি কটি পরিহিত ছিলেন।

নিখোঁজ ব্যক্তির নাতি শিহাব উদ্দিন বলেন, ‘আমার নানা এখনো নিখোঁজ। কোথাও তাঁর খোঁজ পাওয়া যায়নি। কেউ তাঁর সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।’
এ বিষয়ে শাহিনুজ্জামান, অফিসার ইনচার্জ, শিবগঞ্জ থানা বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’





