নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সর্বমোট ৬৬ কোটি ৩৩ লক্ষ ৯৩ হাজার ২০৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ না করে নাগরিক সেবা বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১লা জুলাই) বিকাল ৩ ঘটিকায় নন্দীগ্রাম পৌরসভা হল রুমে এক জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই বাজেট ঘোষণা করা হয়।
নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক জনাব শারমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন তিনি নিজেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মো: শাহীন মাহমুদ।
ঘোষিত বাজেট অনুযায়ী, বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ৯ লক্ষ ৪৮ হাজার ৪০৮ টাকা এবং মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭৫ লক্ষ ৯৮ হাজার ২০০ টাকা। রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে ৩৩ লক্ষ ৫০ হাজার ২০৮ টাকা। অপরদিকে, উন্নয়ন খাত ও প্রকল্প খাতে আয় এবং ব্যয় সমপরিমাণ অর্থাৎ ৬১ কোটি ২৪ লক্ষ ৪৪ হাজার ৮০০ টাকা ধরা হয়েছে। উন্নয়ন ও রাজস্ব খাত মিলিয়ে সর্বমোট প্রস্তাবিত বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ কোটি ৩৩ লক্ষ ৯৩ হাজার ২০৮ টাকা।
বার্ষিক উন্নয়ন ও প্রকল্প বাজেটে প্রস্তাবিত বরাদ্দ বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২৮ কোটি টাকা। বগুড়া জেলার পৌরসভাসমূহের উন্নয়ন প্রকল্পে ২০ কোটি টাকা। টেকসই নগর উন্নয়ন প্রকল্পে ৬ কোটি টাকা। কোভিড-১৯ প্রকল্পে ৩ কোটি ৫০ লক্ষ ৮৫ হাজার টাকা। বার্ষিক উন্নয়ন খাতে (এডিপি) ৩ কোটি ২৩ লক্ষ২৯ হাজার ৮০০টাকা। জলবায়ু প্রকল্পে ৫০ লক্ষ৩০ হাজার টাকা বাজেটের উল্লেখযোগ্য।
পৌরসভা কর্তৃপক্ষ জানান, এবারের বাজেটে রাস্তাঘাট পাকাকরণ, নির্মাণ, সংস্কার, ব্রিজ-কালভার্ট এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া সড়কসমূহ আলোকিতকরণের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের দরিদ্র জনগোষ্ঠীর সুপেয় পানির চাহিদা মেটাতে খোলা জায়গায় নতুন নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক ও মানবিক দিক বিবেচনা করে বাজেটে শীতবস্ত্র বিতরণ, অসহায়-দরিদ্র মানুষের মাঝে আর্থিক সাহায্য ও বিনামূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। যুবসমাজকে সঠিক পথে পরিচালনা করতে পর্যাপ্ত খেলার সামগ্রী বিতরণ এবং স্কুল শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করার কথা বলা হয়েছে। নাগরিক সেবা আরও সহজ করতে ইতিমধ্যে সকল প্রকার সেবা প্রদানের জন্য অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। এছাড়াও পৌরসভা কর্তৃক হেপাটাইটিস-বি সহ বিভিন্ন ভাইরাস ভ্যাক্সিন প্রদানের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
বাজেট বক্তৃতায় নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক জনাব শারমিন আরা বলেন, “আধুনিক ও তথ্যসম্মত সরকারি বরাদ্দ পাওয়া গেলে এবং সর্বস্তরের এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ থাকলে আগামীতে নন্দীগ্রাম পৌরসভাকে একটি উন্নত ও মডেল পৌরসভা হিসেবে উপহার দেওয়া সম্ভব হবে।
বাজেট ঘোষনাকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকবাল মাহমুদ (লিটন), উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব আব্দুল মান্নানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।





