দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নে বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার রাত সাড়ে ৮টায় ইউনিয়নের চৌহাটি গ্রামে ক্ষতিগ্রস্ত চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাঁশপুকুর, কাজীপাড়া, হামিদপুর ও চৌহাটি গ্রামের প্রায় পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সভায় জীবন ও বসতবাড়ি রক্ষা কমিটি, চৌহাটি-এর সভাপতি মোঃ মতিয়ার রহমান বলেন, কয়লাখনি এলাকায় জমি অধিগ্রহণের আগে স্থানীয় জনগণের মতামত যাচাই করতে হবে। ভূমিহীন ও ক্ষতিগ্রস্তদের জমি অধিগ্রহণের পূর্বেই পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, সুপেয় পানি, বিদ্যুৎ, কর্মসংস্থান, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হবে। বড়পুকুরিয়া কয়লাখনির মাইনিং কার্যক্রমের কারণে পুনরায় ভূকম্পন সৃষ্টি হলে এলাকার অনেক বাড়িঘরে ফাটল দেখা দেয়। এতে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। তাই খনি কর্তৃপক্ষকে জরিপ পরিচালনা করে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।
এ সময় তিনি বড়পুকুরিয়া কয়লাখনির উত্তর দিকে ৩০০ একর জমি সরকারের অধিগ্রহণের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ইতোমধ্যে বিভিন্ন সময়ে আন্দোলন ও কর্মসূচির মাধ্যমে খনি কর্তৃপক্ষকে বিষয়গুলো অবহিত করেছে। শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এলাকার মানুষের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জীবন ও বসতবাড়ি রক্ষা কমিটি, চৌহাটি-এর সাধারণ সম্পাদক মো. বিশা, সাংগঠনিক উপদেষ্টা মো. বাবুল ও সদস্য মোঃ সাইদুর রহমান।
এ ছাড়া জীবন ও সম্পদ রক্ষাকারী কমিটি, কাজীপাড়া-এর সভাপতি মো. আশাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, উপদেষ্টা মো. আমিনুল ইসলাম ও সদস্য মোঃ হাইকুল ইসলাম বক্তব্য দেন।
সভায় ৯ নম্বর হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রেজওয়ানুল হক, মিজানুর রহমান ও মোঃ সামিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হামিদপুর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আওতাধীন বাঁশপুকুর, কাজীপাড়া, হামিদপুর ও চৌহাটি এই চার গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সমন্বয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।





