দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ ও বাংলা মদ তৈরির বড়ি আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন রসুলপুর ও আমড়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় ১ হাজার ৬৪০ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ৩২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়। আটক করা এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার ৮০০ টাকা।

এদিকে শনিবার (২২ আগস্ট) খানপুর ও বড়গ্রাম সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার ৩৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করে বিজিবি। এসব ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩ লাখ ৫১ হাজার টাকা।
দুটি অভিযানে আটক করা মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য ৬ লাখ ১ হাজার ৮০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত রক্ষায় দায়িত্বরত সদস্যদের চোরাচালান প্রতিরোধে কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।





