নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া সদর উপজেলায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, প্রতিবন্ধী নারীদের হুইলচেয়ার এবং হতদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে পোশাক ও প্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করা হয়।
বুধবার (৭ অক্টোবর) সকালে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা উন্নয়ন সহায়তা খাতের ২০২৬-২৭ অর্থবছরের বরাদ্দ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াজেদ।
অনুষ্ঠানে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১০২টি বাইসাইকেল, প্রতিবন্ধী নারীদের মধ্যে ২৪টি হুইলচেয়ার এবং হতদরিদ্র নারীদের মধ্যে ৪৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রত্যন্ত ও দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াতকারী দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বাইসাইকেলগুলো শিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণে সহায়তা করবে। এতে বিদ্যালয়ে যাতায়াতের সময় ও ব্যয় কমার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়বে।

অন্যদিকে সেলাই মেশিন পেয়ে হতদরিদ্র নারীরা ঘরে বসে কাজের সুযোগ পাবেন। এর মাধ্যমে তারা আয় করে পরিবারের আর্থিক সচ্ছলতায় ভূমিকা রাখতে পারবেন। প্রতিবন্ধী নারীদের জন্য হুইলচেয়ার তাদের চলাচল সহজ করার পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি আনবে বলে জানান সংশ্লিষ্টরা।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ বলেন, উপজেলা উন্নয়ন সহায়তা খাতের বরাদ্দের আওতায় সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা কার্যক্রম নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ থাকবে।
বগুড়া সদর উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুবিধাভোগী এবং গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।





