নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শাজাহানপুরে উন্নত মানের আগাম শীতকালীন সবজি চারা উৎপাদন করে দেশজুড়ে খ্যাতি পেয়েছেন নার্সারি চাষিরা। উপজেলার শাহনগর, বড়পাথার, কামারপাড়া, চাঁদপুরসহ পাঁচটি গ্রামে গড়ে উঠেছে চার শতাধিক সবজি চারার নার্সারি। এসব নার্সারিতে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটোসহ বিভিন্ন শীতকালীন সবজির চারা উৎপাদন হচ্ছে।

স্থানীয়ভাবে এসব এলাকা এখন ‘চারা গ্রাম’ নামে পরিচিত। এখানকার উৎপাদিত চারা দেশের প্রায় ৪০টি জেলায় সরবরাহ করা হয়। কৃষক সেকেন্দার বলেন, “দামে কম ও মান ভালো হওয়ায় আমাদের চারার চাহিদা বেশি।”
আষাঢ় মাস থেকে চারা বিক্রির মৌসুম শুরু হলেও অতিবৃষ্টির কারণে এবার বেচাকেনায় কিছুটা ভাটা পড়েছে। নার্সারি মালিকদের আশা, বৃষ্টিপাত কমলে চারা বিক্রি জমে উঠবে।





